দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বঙ্গোপসাগরে অবৈধ কাঠের ট্রলিংয়ের মাধ্যমে নির্বিচারে মাছ শিকার বন্ধের দাবিতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মানববন্ধন করেছেন প্রান্তিক জেলে, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা। তাদের দাবি, অবৈধ ট্রলিংয়ের কারণে মাছের ডিম, রেণুপোনা ও ছোট মাছ ধ্বংস হচ্ছে, যা দেশের মৎস্য সম্পদ ও সমুদ্রের জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে রাঙ্গাবালী উপজেলার সর্বস্তরের সাধারণ জেলেদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রান্তিক জেলে, মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অল্পসংখ্যক ট্রলিং জেলে অবৈধভাবে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করলেও এর নেতিবাচক প্রভাব পড়ছে মাছ ধরার ওপর নির্ভরশীল ৮০ থেকে ৯০ শতাংশ সাধারণ জেলের জীবিকায়।
তাদের অভিযোগ, অবৈধ কাঠের ট্রলিংয়ে বিভিন্ন প্রজাতির মাছের ডিম, রেণুপোনা ও ছোট মাছ জালে আটকা পড়ছে। প্রয়োজনীয় আকারের মাছ রেখে ছোট মাছের বড় একটি অংশ আবার সাগরেই ফেলে দেওয়া হচ্ছে। এতে বিপুল পরিমাণ মৎস্য সম্পদ নষ্ট হওয়ার পাশাপাশি মাছের স্বাভাবিক প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে।
বক্তারা বলেন, এভাবে অবৈধ ট্রলিং অব্যাহত থাকলে ভবিষ্যতে সাগরে মাছের উৎপাদন আরও কমে যাবে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন প্রান্তিক ও সাধারণ জেলেরা। একই সঙ্গে সমুদ্রের জীববৈচিত্র্য ও দেশের মৎস্যসম্পদও হুমকির মুখে পড়বে।
মানববন্ধনে অংশ নেওয়া জেলে ও মৎস্য ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অবৈধ ট্রলিং চললেও তা বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে অবৈধ ট্রলিংকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলেও দাবি করেন তারা।
মানববন্ধন থেকে অবিলম্বে অবৈধ কাঠের ট্রলিং বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, ছোট মাছ ও রেণুপোনা নিধন বন্ধ, সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানানো হয়।
এমএম/